কথা রাখল বিজেপি। মাত্র তিনদিন হল বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। এই কম সময়ের মধ্যে একাধিক প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার।
মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুন; তদন্তভার হাতে নিল সিবিআই
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার হাতে নিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শুভেন্দুর স্পষ্ট বার্তা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা যাবে না।
সোমবার, ১১ মে, ২০২৬
তৃণমূলের হেভি-ওয়েট নেতা গ্রেপ্তার!
পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ১০টায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। এদিন সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী। সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পরে গ্রেপ্তার হয়েছে সুজিতকে। ইডি সূত্রে খবর, বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এর আগে একই মামলায় কোর্টের নির্দেশে ১ মে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। প্রায় ৯ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।
১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু; এবার মিলবে ৩ হাজার টাকা
আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'অন্নপূর্ণা ভান্ডারের' টাকা ঢুকতে শুরু করবে। ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই 'অন্নপূর্ণা ভান্ডার' চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তা-ই নয়, ওই ১ জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনও ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে।
সিইও মনোজ অগ্রবাল এ বার রাজ্যের মুখ্যসচিব!
রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন মনোজ অগ্রবাল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসাবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন দুষ্মন্ত নারিওয়ালা। তাঁকে পাঠানো হচ্ছে দিল্লিতে। নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরে যে বড় রদবদল হতে চলেছে, তার আভাস আগেই মিলেছিল। একের পর এক আমলা নিয়োগ শুরু হয়েছিল শনিবার থেকেই।
শুভেন্দু শপথ নেওয়ার পরেই ১০ রদবদল!
বিধানসভা ভোটের সময় বার বার সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায়। তৃণমূল বার বার অভিযোগ করেছিল, সুরজিৎ নন্দীগ্রামের 'শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ' বিডিও। শুধু তা-ই নয়, ভবানীপুরের তৎকালীন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি না-দেওয়ার অভিযোগও উঠেছিল সুরজিতের বিরুদ্ধে। ভোটপর্ব মিটতেই নতুন সরকারে ভবানীপুরের সেই রিটার্নিং অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে (সিএমও) নিয়োগ করা হল। তিনি একা নন, আরও আট জন আমলাকে সিএমও-তে আনার নির্দেশিকা জারি করেছে রাজ্যের কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর। এ ছাড়াও, মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত এক আমলাকে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশও জারি করা হয়েছে।
নতুন সরকারের আমলে রাজ্য প্রশাসনে যে রদবদল হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল শনিবারই। রবিবার একসঙ্গে ১০ জন আমলার বদলির নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ন'জনকে মুখ্যমন্ত্রীর দফতরে নিয়ে আসা হচ্ছ। এই ন'জনের মধ্যে দু’জন আইএএস আধিকারিক। তাঁরা হলেন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি ও বস্ত্র দফতরের যুগ্মসচিব পি প্রমথ এবং পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নবনীত মিত্তল। এ ছাড়াও, ডায়মন্ড হারবারের এসডিও, পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের উপসচিব, স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক-সহ সাত জনকে নতুন দায়িত্বে আনা হয়েছে। প্রত্যেককেই সিএমও-তে সিনিয়র উপসচিব করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিএমও-তে যাঁদের নিয়োগ করা হচ্ছে, তাঁদের মধ্যে সুরজিৎকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভোটপর্বে তাঁকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করা নিয়ে আপত্তি তোলে তৃণমূল। কমিশনের কাছে অভিযোগ জানিয়ে ভবানীপুরের রিটার্নিং অফিসার বদলের দাবিও জানায় তারা। তৃণমূলনেত্রী মমতা স্বয়ং এ নিয়ে কমিশনকে নিশানা করেন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সে সময় নবান্নের কাছে তিন জনের একটি প্যানেল চেয়ে পাঠায় কমিশন। নবান্ন সেই মতো তিন জনের নাম পাঠায়। কিন্তু কমিশন ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করেনি। সেই রিটার্নিং অফিসারকেই আনা হল সিএমও-তে।






