ইতিমধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে মাঝে কয়েক দিন বিরতি নিয়েছিল বৃষ্টি। সেই ফাঁক গলে মাথাচাড়া দিয়েছিল হাঁসফাঁস গরম। অস্বস্তি বেড়েছিল সব জেলায়। রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গের সব জেলায় শুরু হল বিক্ষিপ্ত বৃষ্টি। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
ঝড়বৃষ্টির কারণে গোটা রাজ্যে তাপমাত্রা নামবে অনেকটাই।আলিপুর আবহাওয়া দফতর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে রাজ্যে আগামী চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের দু-দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সব জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন