আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমির মাটি কেটে বিক্রির অভিযোগ। এমনকী কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ পাচার করা হয়েছে বলে দাবি। সেই ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ, শাহজাহান শেখ-সহ মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের নির্দেশ দিল কৃষ্ণনগর সিজিএম আদালত। নাকাশিপাড়া থানাকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
এহেন নির্দেশ সামনে আসার পরই আদালত চত্বরে লাড্ডু বিতরণ করে আনন্দ প্রকাশ করতে দেখা যায় মামলাকারীদের। মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, গত ২৫ জুন কৃষ্ণনগর জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার প্রাথমিক শুনানির পর আদালত নাকাশিপাড়া থানার কাছে রিপোর্ট তলব করে। সেই নির্দেশ অনুযায়ী নাকাশিপাড়া থানার পক্ষ থেকে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সোমবার সেই রিপোর্টের ভিত্তিতে কৃষ্ণনগর সিজেএম আদালতে মামলার শুনানি হয়। শুনানি শেষে প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে মামলা রুজু করার নির্দেশ দেন। একইসঙ্গে নাকাশিপাড়া থানাকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও বিচারক দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন