মহম্মদ শামির আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ? এখনও তিনি বল হাতে মাঠে আগুন ঝরাতে পারেন। রনজিতে বা আইপিএলে অনায়াসে উইকেট তোলেন। কিন্তু জাতীয় দলে ব্রাত্য। বাংলার হয়ে খেলা পেসারকে আর কোনও দিন টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কি না, সেই প্রশ্ন দেখা দিয়েছে। একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের মতে, শামির বিকল্প নাকি বেছে নিয়েছেন বোর্ড নির্বাচকরা। এখন আর শামিকে ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দেখছেন না টিম ম্যানেজমেন্ট। ওই ওয়েবসাইটের খবর অনুযায়ী, নির্বাচকরা ১৫ জন তরুণ পেসারকে বেছে নিয়েছেন। যাঁরা ভবিষ্যতে বিভিন্ন ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ও ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে নতুন পেস আক্রমণ তৈরির পরিকল্পনা রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে শামির জায়গা নেই বলেই খবর। এমনকী এই নিয়ে আনুষ্ঠানিকভাবেও কিছু জানানো হবে না। অর্থাৎ নীরবেই বিদায় ঘটবে শামির। যেরকম হয়েছিল চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা বা ঋদ্ধিমান সাহার।মনে করা হচ্ছে, শামির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল ফিটনেস। চোটের সমস্যা ভুগিয়েছে ৩৫ বছর বয়সি পেসারকে। চোট-আঘাতের সমস্যায় ভোগেন জশপ্রীত বুমরাহও। তবে তাঁকে নিয়ে অনেক বেশি সাবধানী বিসিসিআই। তাই হয়তো সব টেস্টে খেলানো হবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হবে। বরং মহম্মদ সিরাজকে নিয়মিত খেলানো হবে। ওই সূত্রের খবর, শামির সুযোগ নিয়ে আর অতীতের দিকে তাকাতে চান না নির্বাচকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন