এদিন কালীঘাটপন্থী তৃণমূলের মিছিলে তুলকালাম পরিস্থিতি। বালিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুগামীকে মারধর করার অভিযোগ। এই অভিযোগের তীর বিজেপির দিকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত না বিজেপিকে দায়ী করলেন, তার চেয়ে বেশি দোষ চাপালেন পুলিশের ঘাড়ে। তাঁর অভিযোগ, বিজেপির দলদাস হয়ে গিয়েছে পুলিশ। আদালতের নির্দেশমতো নিজেদের কর্তব্য পালন করতে পারেনি।
আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার তিনি আদালতে যাচ্ছেন বলে জানালেন তিন বারের মুখ্যমন্ত্রী।বুধবার মমতাদের মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করার কথা ছিল। মিছিলের সময়ও বেঁধে দিয়েছিল হাই কোর্ট। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে ১,০০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু মিছিল শুরুর খানিক ক্ষণ পরেই শুরু হয় অশান্তি। কালীঘাট তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ ওঠে। বিজেপির লোকজন তাদের বেশ কয়েক জন নেতা-কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই পরিস্থিতির জন্য পুলিশকে একহাত নিয়েছেন মমতা। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সরকারকেও তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন