জমি-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। এখনই তাঁকে গ্রেপ্তার নয়, রক্ষাকবচ দিয়ে জানাল শীর্ষ আদালত। গ্রেপ্তারের আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে আদালতের স্পষ্ট নির্দেশ, সুমিত রায়কে সবরকমভাবে পুলিশের তদন্তে সহযোগিতা করতে হবে। তবে এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। এমনকী সুমিত রায়কে তলবের ক্ষেত্রেও শর্ত বেধে দিয়েছে শীর্ষ আদালত। জমি দুর্নীতি মামলায় এর আগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই সংক্রান্ত আবেদন খারিজ করে দেন। চাকরি দুর্নীতি একটি মামলায় যদিও সুমিতের আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করে আদালত। কিন্তু জমি দুর্নীতি মামলায় সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে এই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এরপরই সুমিতের বাড়িতে গিয়ে একপ্রস্ত তল্লাশিও চালিয়েছেন রাজ্যের গোয়েন্দারা। কিন্তু খোঁজ পাওয়া যায়নি। এরমধ্যে গ্রেপ্তারির আশঙ্কায় বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানান তিনি। সেই মতো এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। বলে রাখা প্রয়োজন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ’র বিরুদ্ধে শালবনিতে সরকারি জমি দখল এবং বিক্রির অভিযোগ ওঠে। ভুয়ো নথি দেখিয়ে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি জমি বিক্রি করা হয় বলেও অভিযোগ। পালাবদলের পরই এই সংক্রান্ত অভিযোগ জমা পড়ে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন