নেতাজি সুভাষ রোড' রাতারাতি হয়ে গেল 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'। নতুন এই ফলক উদ্বোধনে উপস্থিত রইলেন স্থানীয় বিজেপি বিধায়কও। বীরভূমের রামপুরহাটের এই ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রামপুরহাটের তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দাবি, নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি।
রামপুরহাট পুর এলাকার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার নাম দীর্ঘদিন ধরে নেতাজির নামে পরিচিত। 'নেতাজি সুভাষ রোড' নামের ওই রাস্তার ধারে সম্প্রতি গেরুয়া রঙের একটি ফলক বসানো হয়। সেই ফলকে রাস্তার নাম লেখা হল 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'। ফলক উদ্বোধনে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। বিধায়কের পাশে দেখা যায় রামপুরহাট পুরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন ভকতকেও। চেয়ারম্যান বলেন, "পুরসভা রাস্তার নাম পরিবর্তনের কোনও অনুমোদন দেয়নি।" বিজেপি বিধায়কের দাবি, পুরসভার কোনও নথিতে ওই রাস্তার নাম সংক্রান্ত তথ্য তাঁরা পাননি। তাঁর বক্তব্য, পুর চেয়ারম্যানের উপস্থিতিতেই নামকরণ করা হয়েছে। নেতাজির প্রতি বিজেপির শ্রদ্ধা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিজেপির তরফে শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণের জন্য আবেদন জমা পড়েছিল। কিন্তু সেই আবেদন এখনও পুরবোর্ড অনুমোদন করেনি। চেয়ারম্যানের বক্তব্য, নিয়ম মেনে প্রথমে পুরবোর্ডে প্রস্তাব পাস করাতে হয়। তার পরে রাজ্য প্রশাসনের অনুমোদন প্রয়োজন। ফলে বিধায়ক একক ভাবে রাস্তার নাম পরিবর্তন করতে পারেন না।ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী বাম এবং কংগ্রেস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন