মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। ফলে ব্রাজিলের বিরুদ্ধে মহাযুদ্ধ আসলে হয়ে দাঁড়িয়েছিল সম্মানের লড়াই। সেই লড়াই আর্জেন্টিনা একতরফা ভাবে জিতল। ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলল স্কালোনির দল। কে বলবে, এই দলটায় লিওনেল মেসি নেই! তাতেও ৪-১ ব্যবধানে জিততে বিন্দুমাত্র অসুবিধা হল না আর্জেন্টিনার। অবশ্য ব্রাজিলেও নেইমার ছিলেন না। প্রায় ২০ বছর পর মেসি-নেইমারহীন দ্বৈরথ দেখল ফুটবল বিশ্ব। সেই সঙ্গে দুটো দলের পার্থক্যও দেখল। মেসিকে ছাড়া হয়তো আর্জেন্টিনার নৈপুণ্য কমতে পারে, কিন্তু কার্যকারিতা কমে না। অন্যদিকে শুধু নেইমারের অভাব নয়, অনেক কিছু নিয়েই ভাবতে হবে ব্রাজিলভক্তদের।
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
১ লা এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ!
বাজেট বক্তৃতার সময়েই রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ (মহার্ঘ ভাতা) বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হল ১৮ শতাংশ। পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদেরও ডিআর (মহার্ঘ ত্রাণ) বৃদ্ধি পেয়ে হবে ১৮ শতাংশ। এই আবহে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী এপ্রিল মাসে এই মামলা শুনতে পারে শীর্ষ আদালত।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডিএর ফারাক এখনও ৩৫ শতাংশ। রাজ্য সরকার ডিএ বৃদ্ধি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করার পরে এই ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনগুলি। ন্যায্য ডিএ-র দাবিতে আগামী ৭ থেকে ৯ এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দফতরে ৩ ঘণ্টা ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন একটি বাম সংগঠনের সদস্যেরা। তবে তৃণমূল কর্মচারী সংগঠন সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্তবাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল!
ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন অসুস্থ বাংলাদেশি তারকা ক্রিকেটার তামিম ইকবাল। আচমকাই বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, তামিম দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে। তবে তামিমের অসুস্থতার জন্য বিসিবি-র সভাও বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ঢাকা প্রিমিয়ার লিগে সাভারের বিকেএসপি-র মাঠে তামিমের দল মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল শাহিনপুকুরের বিরুদ্ধে। সেখানে টস করতে যাওয়ার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তামিম। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ফজিলাতুন্নেসা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের এনজিওগ্রাম করানো হয়েছে। তাঁর দুবার হার্ট অ্যাটাক হয়েছে। তামিমের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। আপাতত সফলভাবে রিং পরানো হয়েছে। পরিস্থিতি একটু ভালো হলে ঢাকা শহরে নিয়ে আসা হবে। তবে কোনও লাইফ সাপোর্টের প্রয়োজন পড়ছে না। তামিমের পরিবারও হাসপাতালে উপস্থিত হয়েছেন।
আরজি কর-কাণ্ডে আরও কেউ কি জড়িত? স্পষ্ট করুক সিবিআই;নির্দেশ হাই কোর্টের
আরজি কর-কাণ্ডে কি এক জনই জড়িত? না কি আরও কেউ জড়িত ছিলেন? আরজি করের ঘটনায় আরও তদন্ত চেয়ে আবেদনের শুনানিতে সেই প্রশ্নই উঠে এল কলকাতা হাই কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার গুরুত্বপূর্ণ এই মামলার শুনানিতে জানান, এই ঘটনায় ইতিমধ্যে এক জন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু অভিযুক্ত কি একাই ছিলেন, না কি আরও কেউ ছিলেন? সেই প্রশ্ন তুললেন বিচারপতি ঘোষ। তাঁর মন্তব্য, এটি গণধর্ষণ, না কি নয়, তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই। আরজি কর মামলায় সিবিআইকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরজি কর মামলায় সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। সঠিক তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। পরে সুপ্রিম কোর্টের অনুমতিসাপেক্ষে গত বৃহস্পতিবার হাই কোর্টে বিচারপতি ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। সোমবার ওই মামলার শুনানি ছিল হাই কোর্টে। আরজি কর মামলায় প্রথম চার্জশিট ইতিমধ্যে পেশ করা হয়েছে। তার পরে এখন সিবিআই কী তদন্ত করছে, তা-ও জানতে চান বিচারপতি। সোমবার রাজ্যের তরফে হাই কোর্টে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলায় বিচার শেষ হওয়ার পরে আরও তদন্ত হতে পারে কি না, তা নিয়ে এজলাসে সংশয় প্রকাশ করেন কল্যাণ।
পরে এজলাসের বাইরে পরিবারের আইনজীবী শামিম আহমেদ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বেশকিছু প্রাসঙ্গিক প্রশ্ন তোলেন। তাঁর কথায়, "রাজ্য সরকার চাইছে না তদন্তটি হোক। সেই জন্যই তারা বলছে, আরও তদন্ত হলে তাদের অসুবিধা নেই। কিন্তু আইনে অসুবিধা আছে। এর দ্বারা তারা বোঝাতে চাইছে, তদন্ত তারা চাইছে না। তারা ইতি চাইছে, বিচার চাইছে না।" সোমবার এজলাসে উপস্থিত ছিল নির্যাতিতার পরিবারও। শুনানির পরে এজলাসের বাইরে নির্যাতিতা চিকিৎসকের বাবা জানান, তিনি আদালতে সঠিক বিচার পাবেন বলেই আশা করছেন। শুক্রবারের মধ্যে সিবিআইকে এই মামলার কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
শনিবার, ২২ মার্চ, ২০২৫
লন্ডন উড়ে যাওয়ার আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর!
লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান অবতরণের পূর্বে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, লন্ডন সফরের সময়েও সর্বদা সংযোগে থাকবেন। লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎবিভ্রাটের জেরে ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছে তাঁর যাত্রা। এই বিপর্যয়ের জেরে মুখ্যমন্ত্রীর গোটা সফরসূচিতেই প্রভাব পড়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, "আগামী কয়েকদিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা শান্তিতে থাকবেন।" লন্ডনে সোমবার থেকেই কর্মসূচি রয়েছে মমতার। ওই দিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। ২৪ মার্চ ভারতীয় হাইকমিশনের বৈঠক, ২৫ মার্চ রয়েছে বিজিবিএস-এর অনুষ্ঠান, ২৬ মার্চ রয়েছে জি টু জি-র অনুষ্ঠান, ২৭ মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান, ২৮ মার্চ লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের বদল!
উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের বেশকিছু বদল আসতে চলেছে। আবারও বদল আনার খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের। স্কুলগুলিতে নির্দিষ্ট নির্দেশিকা সময়মতো পৌঁছে যাবে বলেও জানা গিয়েছে। তবে এবার বিশেষত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বদল আনা হয়েছে।
জানা গিয়েছে, দ্বিতীয় ভাষায়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজির সিলেবাসে বদল আনা হয়েছে। এতদিন ইংরেজি পাঠ্যক্রমে রাখা হয়েছিল প্রখ্যাত ইংরেজি লেখিকা ভার্জিনিয়া উলফের 'এ রূম ফর ওয়ান'স ওন' গদ্যটি। সেটি বাদ দেওয়া হল পাঠ্যক্রম থেকে। বাদ দেওয়া হয়েছে অ্যান্টোন চেকঅভ-এর 'দ্যা বেট'গল্প, নাটকের ক্ষেত্রে মহেশ দাত্ত্বানির 'তারা' নাটকটিও বাদ দেওয়া হয়েছে। তার বদলে জেএম সিঞ্জ-এর 'রাইডারস টু দ্য সি'। তৃতীয় সিমেস্টারের এমসিকিউ এবং চতুর্থ সিমেস্টারের বাধ্যতামূলক প্রশ্ন আসবে বলে উল্লেখ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের দু'টি সিমিস্টারে পড়তে হবে নাটকটি।
'বেয়াদপি করলে রাস্তায় বের করে মারব!' অনুতপ্ত নন দিলীপ ঘোষ
গতকালই তৃণমূলের মহিলা কর্মীদের সঙ্গে তাঁর বচসায় তুলকালাম কাণ্ড ঘটেছিল খড়গপুরে। মেজাজ হারিয়ে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল, গলা টিপে দেবো। রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করব। কারও বাপের টাকা নয়। দিলীপের এই মন্তব্য ঘিরেও বিতর্ক ছড়ায়।
যদিও নিজের এই ধরনের মন্তব্যের জন্য একেবারেই অনুতপ্ত নন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বরং শনিবার সকালে আরও আগুনে মেজাজে পাওয়া গেল মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে। দিলীপের স্পষ্ট কথা, 'যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদপি করতে এলে বাড়ি থেকে টেনে এনে পিটব, সে যে পার্টিরই হোক।'
দিলীপ ঘোষ আরও বলেন, 'যত বড় নেতা হোক দিলীপ ঘোষ কারও বাপের জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, না হলে আমরাও জানি তাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরে কারও বাপের জমিদারি নয়, দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটি লোকের অসুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেননি, এত বছর কাউন্সিলর, এমএলএ হয়ে কিছু করতে পারেননি তিনি বলছেন আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এক্স এমপি দিলীপ ঘোষ। মানুষ কি মুখে ঘাস দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওইখানে, আর দম থাকলে ড্রেনটা করে দেখা। দিলীপ ঘোষ তো রাস্তা করে দিয়েছে।' শনিবার সকালে খড়্গপুরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দিতে যান দিলীপ ঘোষ৷ সেখানেই তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি।






