রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন মনোজ অগ্রবাল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসাবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন দুষ্মন্ত নারিওয়ালা। তাঁকে পাঠানো হচ্ছে দিল্লিতে। নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরে যে বড় রদবদল হতে চলেছে, তার আভাস আগেই মিলেছিল। একের পর এক আমলা নিয়োগ শুরু হয়েছিল শনিবার থেকেই।
সোমবার, ১১ মে, ২০২৬
শুভেন্দু শপথ নেওয়ার পরেই ১০ রদবদল!
বিধানসভা ভোটের সময় বার বার সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায়। তৃণমূল বার বার অভিযোগ করেছিল, সুরজিৎ নন্দীগ্রামের 'শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ' বিডিও। শুধু তা-ই নয়, ভবানীপুরের তৎকালীন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি না-দেওয়ার অভিযোগও উঠেছিল সুরজিতের বিরুদ্ধে। ভোটপর্ব মিটতেই নতুন সরকারে ভবানীপুরের সেই রিটার্নিং অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে (সিএমও) নিয়োগ করা হল। তিনি একা নন, আরও আট জন আমলাকে সিএমও-তে আনার নির্দেশিকা জারি করেছে রাজ্যের কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর। এ ছাড়াও, মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত এক আমলাকে উত্তরবঙ্গে পাঠানোর নির্দেশও জারি করা হয়েছে।
নতুন সরকারের আমলে রাজ্য প্রশাসনে যে রদবদল হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল শনিবারই। রবিবার একসঙ্গে ১০ জন আমলার বদলির নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ন'জনকে মুখ্যমন্ত্রীর দফতরে নিয়ে আসা হচ্ছ। এই ন'জনের মধ্যে দু’জন আইএএস আধিকারিক। তাঁরা হলেন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি ও বস্ত্র দফতরের যুগ্মসচিব পি প্রমথ এবং পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নবনীত মিত্তল। এ ছাড়াও, ডায়মন্ড হারবারের এসডিও, পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের উপসচিব, স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক-সহ সাত জনকে নতুন দায়িত্বে আনা হয়েছে। প্রত্যেককেই সিএমও-তে সিনিয়র উপসচিব করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিএমও-তে যাঁদের নিয়োগ করা হচ্ছে, তাঁদের মধ্যে সুরজিৎকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভোটপর্বে তাঁকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করা নিয়ে আপত্তি তোলে তৃণমূল। কমিশনের কাছে অভিযোগ জানিয়ে ভবানীপুরের রিটার্নিং অফিসার বদলের দাবিও জানায় তারা। তৃণমূলনেত্রী মমতা স্বয়ং এ নিয়ে কমিশনকে নিশানা করেন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সে সময় নবান্নের কাছে তিন জনের একটি প্যানেল চেয়ে পাঠায় কমিশন। নবান্ন সেই মতো তিন জনের নাম পাঠায়। কিন্তু কমিশন ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করেনি। সেই রিটার্নিং অফিসারকেই আনা হল সিএমও-তে।
রবিবার, ১০ মে, ২০২৬
মহিলারা ৩০০০ টাকা করে পাবেন? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা
সোমবার সকাল সাড়ে ১১টায় নতুন মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক। স্থান নবান্নের সভাঘর। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম বৈঠকে শুভেন্দু সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর পাঁচ জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক করবেন। বৈঠকে কী নিয়ে আলোচনা? সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের প্রকল্পের যেগুলো আগের সরকার গ্রহণ করেনি,তা নিয়ে আলোচনা হতে পারে।
'রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে তৃণমূল নেত্রীকে'; খোঁচা অধীরের
পশ্চিমবঙ্গ নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেস, বাম এবং অতিবামকে একমঞ্চ থেকে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আবেদনে কটাক্ষ করেছেন রাজ্য সিপিএম নেতৃত্ব। এমন আবহে খোঁচা দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর চৌধুরী। তাঁর দাবি, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসের কাছে 'হাতজোড়' করা ছাড়া আর কোনও উপায় নেই দিদি-র।
শনিবার, ৯ মে, ২০২৬
১৫ বছর পর রাজ্য সরকারি বিজ্ঞাপন পাবে সিপিএমের মুখপাত্র!
প্রায় ১৫ বছর পর সিপিএমের প্রভাতী মুখপত্র রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর ছবি সংবলিত বিজ্ঞাপন ছাপা হয়েছে ওই সংবাদপত্রের প্রথম পাতাতেই। শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ রয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
এবার মমতাকে ধৃতরাষ্ট্র বলে খোঁচা ফিরহাদের মেয়ের!
দলের বিপর্যয়ে-র সময়ে তৃণমূলের একের পর এক নেতার তোপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ, মালদহের কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ একাধিক নেতা অভিষেকের ‘কর্পোরেট’ স্টাইল ও আইপ্যাক নির্ভরতার সমালোচনা করে সরাসরি তোপ দেগেছেন। তা নিয়ে অবশ্য তাঁদের কপালে নেমে এসেছে শাস্তির খাড়া। এমন আবহে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী। সামাজিক মাধ্যমে তিনি মহাকাব্যের প্রসঙ্গ উত্থাপন করে মমতাকে 'ধৃতরাষ্ট্র', অভিষেককে ‘দুর্যোধন’ বলে খোঁচা দিলেন। লিখলেন, "চোখে ঠুলি বেঁধে থেকো না। কান দিয়ে দেখো না।"দুই মহাকাব্যের তুলনা টেনে মমতাকে খোঁচা দিলেন পরিবারতন্ত্র নিয়ে।
শুক্রবার, ৮ মে, ২০২৬
শুভেন্দুই মুখ্যমন্ত্রী!
জল্পনা ছিলই। সেটাই সত্যি হল। শুভেন্দুই মুখ্য়মন্ত্রী। শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত পোহালেই তাঁর শপথগ্রহণ।






