এবার মদন মিত্রের বাড়িতে হানা দিল পুলিশ। আজ, রবিবার দুপুরে বিধায়কের কামারহাটির বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। কী কারণে তৃণমূল বিধায়কের বাড়িতে এই হানা? রাজ্যে পালাবদলের পরে একাধিক দুর্নীতি, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন। ইতিমধ্যে, তৃণমূল বিধায়কদের সই কাণ্ড নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের বাড়িতে সিআইডি আধিকারিকরা সেই তদন্তে হাজির হয়েছেন।
রবিবার, ৩১ মে, ২০২৬
শনিবার, ৩০ মে, ২০২৬
অভিষেক গাড়ি থেকে নামতেই ছোড়া হল ডিম-জুতো; চরম হেনস্থা সাংসদকে
এদিন ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারচাকার গাড়ি নয়, শনিবার মূল রাস্তা থেকে নেমে দু-চাকার যানে চেপে সোনারপুরে যাচ্ছিলেন তিনি। কিন্তু নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি চড়-ঘুষি মারা হয় অভিষেকের মাথায়-ঘাড়ে-গায়ে।
অভিষেকের বাড়িতে হাজির সিআইডি!
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেল সিআইডি টিম। শনিবার দুপুর দেড়টা নাগাদ ৫-৬ জন আধিকারিকের একটি টিম হাজির হয় ভবানীপুরে 'শান্তিনিকেতন' নামে ওই বাড়ির সামনে। প্রায় ১০ মিনিট ধরে তাঁরা দরজায় ধাক্কা দিলেও, কেউ বাড়ি থেকে বেরোয়নি বলে অভিযোগ করেন আধিকারিকরা। পরে এক কর্মী বাড়ির ভিতর থেকে বেরিয়ে জানান, অভিষেক ও পরিবারের সদস্যরা কেউ বাড়িতে নেই।
সরকার বদলাতেই বাংলায় ফিরছে টাটা? কী বললেন বিজেপির শমীক ভট্টাচার্য
প্রায় ১৫ বছর পরে বঙ্গে এবার শিল্পায়নের সম্ভাবনা। সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফেরানোর বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। বাংলায় নতুন করে শিল্প আসবে, আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত, বাংলায় ভোটের যখন বাংলায় প্রচারে এসেছিলেন তখনও তাঁর মুখে বাংলায় টাটা ফেরানোর কথা শোনা গিয়েছিল। এবার সেই একই কথা শোনা গেল শমীক ভট্টাচার্যের গলাতে।
ডিএ দেওয়া শুরু করল রাজ্য সরকার!
রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া শুরু করল রাজ্য সরকার। নবান্নের অর্থ দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার, ২৯ মে, ২০২৬
১ আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা!
জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী্। জানালেন, আগামী ১ আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। ১৫ আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন ব্যবস্থা। কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানালেন, এবারই প্রথম জিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। শুভেন্দু স্পষ্টভাবে বললেন, "জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই।"
শুভেন্দুর বৈঠকে গুরুং!
রাজ্যে পালাবদল হতেই নতুন পথে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ! শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরিরা।






