এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলবের পরেও বালি পাচার মামলায় হাজিরা দিলেন না কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস। তবে আইনজীবী পাঠিয়ে তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর। গত রবিবার ভিন্ন একটি মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই থেকে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সংবাদমাধ্যমের নজরে আসেননি পুলিশকর্তা। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে তিনি যাননি। পরিবর্তে শান্তনুর আইনজীবী যান ইডির দফতরে। সূত্রের খবর, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শান্তনু সময় চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। বালি পাচার সংক্রান্ত একটি মামলায় আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি। জানা যাচ্ছে, সেই মামলার সূত্রেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন