জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার একই সঙ্গে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধেও। এদিন সল্টলেকের ময়ূখ ভবনে আয়োজিত চিকিৎসক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালের নতুন নাম হচ্ছে 'ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল'।
রাজ্যের কিংবদন্তি চিকিৎসক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, মুখ্যমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে একহাত নিয়ে বলেন, "আর আজকে অকপটে বলতে পারি, যেখানেই হাত দিচ্ছি সেখানেই ধ্বংস লিলা দেখতে পারছি।" এদিন অনুষ্ঠানের শুরুতেই ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আর মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বিধানচন্দ্র রায়ের অবদানের প্রসঙ্গ তুলে জানান, আধুনিক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও নগর পরিকাঠামো গড়ে তোলার পিছনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন