নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। কিউয়িদের ৩৬৮ রানের জবাবে ভারতের রান ৪ উইকেট হারিয়ে ৪৮৬। সেঞ্চুরি করেছেন কেএল রাহুল।
একটুর জন্য সেঞ্চুরি পেলেন না অধিনায়ক শুভমান গিল। ক্রিজে এখন আছেন ঋষভ পন্থ ও নাইটওয়াচম্যান অংশুল কাম্বোজ। শেষদিকে চিরাচরিত ঢংয়ে বাউন্ডারি হাঁকানো শুরু করেন পন্থ। তৃতীয় দিনের শেষে ভারতের লিড ১১৮ রান। হাতে এখনও দু'দিন। কত রান তুলে ভারত ডিক্লেয়ার করে, সেটাই দেখার। ওয়েলিংটনে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১৫৯ রান। হারিয়েছিল একটি উইকেট। তৃতীয় দিনে সেই কাজটা এগিয়ে নিয়ে গেলেন গিল ও রাহুল। তৃতীয় দিনে রানের গতি কিছুটা তুলে সেঞ্চুরি পূরণ করেন রাহুল। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে নাম লেখান। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন দেবদত্ত পাড়িক্কল। কিন্তু তিনি মাত্র ২০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তারপর দায়িত্ব নেন অধিনায়ক গিল। অন্যদিকে ২৯০ রানে ১৩৬ রান করে আউট হন রাহুল। তবে পন্থকে সঙ্গে নিয়ে বড় রানের দিকে এগিয়ে যান গিল। রানের গতিও বাড়তে থাকে। কিন্তু ৯০-র কোঠায় পৌঁছে আচমকা স্লো খেলতে শুরু করেন গিল। হঠাৎ মোমেন্টাম নষ্ট হওয়ারই যেন ফল ভুগলেন। সেঞ্চুরি নিশ্চিত বলে যখন ভারতের ক্রিকেটভক্তরা ধরে নিয়েছেন, তখনই আউট গিল। ৯৮ রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। জ্যাকব ডাফির বল ব্যাট-প্যাডে লেগে স্টাম্প ছিটকে দেয়। তবে পন্থ ধীরেসুস্থে শুরু করলেও শেষবেলায় চার-ছক্কায় ঝড় তুলেছেন। তিনি ৬২ বলে ৫৫ রানে অপরাজিত আছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন