ওড়িশা উপকূলে নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়েছে তীব্র ঘূর্ণিঝড় অ্যাকভান। বেলা ১টার আগে শেষ হয়েছে ল্যান্ডফল। মৌসম ভবন ইতিমধ্যে জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল। সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে ওই প্রক্রিয়া চলেছে। ল্যান্ডফলের আগে উপকূলের কাছে এসে কিছুটা শক্তি হারায় ঘূর্ণিঝড়। প্রথমে মনে করা হয়েছিল, অ্যাকভানের প্রভাবে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তা ৯০ কিলোমিটারে নেমে এসেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলছে। শুক্রবারও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছে অ্যাকভান আছড়ে পড়েছে। এর প্রভাবে ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছোয় ৯০ কিলোমিটারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত কমবেশি বৃষ্টি চলবে। পাঁচটি জেলায় অতিভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় শুক্রবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হবে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার বৃষ্টি কিছুটা কমবে। তবে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার আলাদা করে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার বিকেল পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন