বয়স মাত্র ৮ মাস। তাতেই ভেসে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি দুধিয়া সেতু। তার ফলে বর্তমানে শিলিগুড়ি ও মিরিকের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বর্ষার প্রথম ভারী বৃষ্টিতে সেতু ভেসে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই হাজারও প্রশ্নের ভিড়। সেতু তৈরিতে কোনও গলদ ছিল বলেই সন্দেহ করছেন কেউ কেউ। দুধিয়া সেতু তৈরিতে কাটমানি যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সেকথা জানান তিনি। তবে আপাতত যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ করাই লক্ষ্য রাজ্য সরকারের।
শুভেন্দু জানান, উত্তরবঙ্গের এই বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে। লেবং কার্টরোডে, মিরিকের গয়াবাড়িতে ভূমিধস হয়েছে। নবান্নের কন্ট্রোলরুম থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সেচদপ্তর থেকে খোঁজখবর রাখা হচ্ছে। সাংসদ রাজু বিস্তারা বিপর্যস্ত এলাকায় রয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিপজ্জনক জায়গা থেকে সকলকে নামিয়ে আনা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ যাতে কোনওভাবেই বাস্তুচ্যুত না হন, সে ব্যবস্থা নেওয়াই লক্ষ্য তাঁর।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন