উৎসবের মরশুমে বামপন্থী, প্রগতিশীল সাহিত্যের স্টলে লাগাতার হামলার প্রতিবাদে আরও বেশি করে বই আঁকড়ে ধরে লড়াই নেমেছেন এই রাজ্যের বামমনস্ক মানুষজন। তারই অংশ হিসেবে আজ, মঙ্গলবার থেকে কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা'র আয়োজন করেছে সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই।
কিন্তু শুরুতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের। অভিযোগ, আগাম পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও তাঁদের বসতে দেওয়া হচ্ছে না। এনিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক তরুণ, তরুণী। এর জেরে কলেজ স্ট্রিটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। প্রতিবাদে পথেই বই সাজিয়ে বসেন তরুণ কমরেডরা। পূর্বঘোষণামতো ১৭ থেকে ১৯ নভেম্বর কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে মিনি বইমেলা হওয়ার কথা ছিল বামপন্থীদের। সেইমতো পুলিশের অনুমতিও নেওয়া হয় বলে দাবি কমরেডদের। এদিন সকাল থেকে নানা ধরনের বইয়ের সম্ভার সাজিয়ে বসার উদ্যোগ নেন এসএফআই সদস্যরা। কিন্তু অভিযোগ, শুরুতেই বাধা পান তাঁরা। পুলিশ বুকস্টল সাজাতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে কথা বলতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। অনেকক্ষণ ধরে তিনি পুলিশের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও বুকস্টল বসতে দেওয়া হয়নি। প্রতিবাদে এসএফআই সদস্যরা কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসেন। দিনের ব্যস্ত সময়ে এমন গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে যানচলাচল। এরপরই পুলিশ তাঁদের তুলতে যান। এসময়ে পুলিশের সঙ্গে এসএফআই সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। পুলিশের দাবি, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে বই বিক্রির কোনও অনুমতি নেই। এসএফআই আইন লঙ্ঘন করছে। বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এই ঘটনার পর এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ফেসবুক পোস্টে প্রশাসনকে তোপ দেগে আহ্বান জানিয়েছেন, 'আমাদের হাতিয়ার বই, বই, আরো বই, আরো বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন