বৃহস্পতিবার সকাল থেকে বালিপাচার মামলায় অ্যাকশনে তদন্তকারী সংস্থা ইডি। কলকাতা, আসানসোল, ঝাড়গ্রামের একাধিক জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের একটি অফিসে হানা দিয়েছেন তদন্তকারীরা। এর পাশাপাশি ঝাড়গ্রামের লালগড় ও গোপীবল্লভপুরে বালির খাদানে তল্লাশি চলছে। আসানসোলের এক বালি ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুর্গাশোলে ৪১ নম্বর ওয়ার্ডের বালি ব্যবসায়ী মনীশ বাগাড়িয়ার বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি। এই মনীশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন জেলায় বালির ঘাট পরিচালনা ও কোটি কোটি টাকার লেনদেন করতেন।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
দুর্গাপুর 'গণধর্ষণ' কাণ্ড; এবার 'ইউ-টার্ন' নির্যাতিতার বাবার
দুর্গাপুর 'গণধর্ষণ'কাণ্ডে নয়া মোড়। পুলিস আগেই দাবি করেছে যে, দুর্গাপুরে গণধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। এটি একজনের কাজ। দুর্গাপুরের ঘটনায় গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলি। তাঁর বিরুদ্ধে প্রমাণ মেলার পরই নির্যাতিতার 'সঙ্গী' সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিস। সহপাঠী অপরাধের রাতে নির্যাতিতার সঙ্গে ছিল ও প্রধান অভিযুক্ত! সহপাঠী-ই ধর্ষক! এমনটাই খবর পুলিস সূত্রে। এই মামলা এবার সামনে নয়া মোড়! এবার নিজের বক্তব্য থেকে 'ইউ-টার্ন' নির্যাতিতার বাবার। দুর্গাপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে 'কুরুচিকর মন্তব্যে' তোপ দেগেছিলেন নির্যাতিতার বাবা।
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
তৃণমূল বিধায়ক খুনে নাম জড়িয়েছে; ছ'বছর জেল খেটেছেন; সেই বিজেপি নেতাই এবার শাসক দলে
নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।
এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় মডেল উত্তরপত্র ঘিরে বিতর্ক!
এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মডেল উত্তরপত্রকে চ্যালেঞ্জ করল প্রায় ৯২ হাজার জন পরীক্ষার্থী। শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার মডেল উত্তরপত্র ইতিমধ্যেই প্রকাশ করেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন।
কলকাতায় বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিজনদের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর!
পুজোর মুখে ৫ ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি হয়েছিল গোটা কলকাতা। জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ১৭ অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য ও একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে।
"বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন"! রাজ্যপালের মন্তব্য ঘিরে বিতর্ক
"বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন।" দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর এমন বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের!মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। কিন্তু সর্বসমক্ষে তিনি এ বিষয়ে কিছু বলবেন না।
হাওয়া বদল নতুন সপ্তাহে!
বর্ষা বিদায় নিতেই রাতারাতি বদলাতে শুরু করেছে বাংলার হাওয়া। আবহাওয়া দফতর ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিচ্ছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আর কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জেলায় কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে।






