পুরনিয়োগ দুর্নীতিতে এ বার নজরে মদন মিত্র! কামারহাটির তৃণমূল বিধায়কের দুই পুত্র এবং স্ত্রীকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে। আগামী সপ্তাহে তাঁদের তলব করা হয়েছে।
কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে মদনের স্ত্রী এবং পুত্রদের নাম সামনে এসেছে। সে কারণেই তাঁদের ডাকা হয়েছে। গত জুনে মদনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কলকাতা এবং শহরতলির সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা। মদনের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এ বার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করল ইডি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন