শাহবাজ শরিফের পর ইশাক দার। পাক প্রধানমন্ত্রীর পর উপপ্রধানমন্ত্রীও সরাসরি মেনে নিলেন ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি। সেদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কার্যত স্বীকার করেছেন তাঁদের দুই গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি, রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস এবং শোরকোট বিপর্যস্ত হয়েছে অপারেশন সিঁদুরের ধাক্কায়। এর আগে পাকিস্তানের সেনা ও সরকার নয়াদিল্লির প্রত্যাঘাতকে মানতে চাননি প্রকাশ্যে। কিন্তু এদিন ইশাক দার সাফ জানিয়েছেন, পাকিস্তানও ভারতকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই ভারত আঘাত হানে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ভারতের হানার ৪৫ মিনিটের মধ্যেই সৌদি যুবরাজ ফয়সল বিন সলমন নাকি ফোন করে তাঁকে জিজ্ঞেস করে,"আমি কি জয়শংকরকে বলব পাকিস্তান থেমে যেতে চাইছে?" সৌদি আরবও যে নীরবে ভারত-পাক সংঘর্ষ থামাতে চেষ্টা করেছিল, সেটাই ফুটে উঠেছে পাক উপপ্রধানমন্ত্রীর দাবিতে।
শুক্রবার, ২০ জুন, ২০২৫
আগামী সপ্তাহেও চলবে বৃষ্টি!
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি প্রায় গোটা রাজ্য জুড়ে। কখনও জোরে, তো কখনও হালকা। এই আবহাওয়া আপাতত জারি থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষা নেমেছে পুরো জাঁকিয়ে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি আপাতত চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, অন্তত ২৫ জুন অবধি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তার মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজবজে সুকান্তকে ঘিরে বিক্ষোভ; উড়ে এল চপ্পল
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। আটকানো হয় কনভয়ও। এর পাশাপাশি, তাঁকে লক্ষ্য করে চপ্পল ছোড়া হয় বলেও অভিযোগ। সেই সঙ্গে, অশ্লীল ভাষায় গালিগালাজও দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে কলকাতা ফিরেই আক্রান্তদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজভবন থেকে বেরিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুকান্ত। তাঁর অভিযোগ, এই লোকসভা কেন্দ্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গণতন্ত্রকে প্রতিমুহূর্তে ধ্বংস করছে। ধারাবাহিক কিছু ঘটনার উদাহরণ টেনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি দেশের বাইরে কি না, সেই প্রশ্নও তোলেন মোদি মন্ত্রিসভার এই সদস্য। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রীর যদি নিরাপত্তা না-থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে থাকবে ? সেই সঙ্গে তিনি বলেন, "গোটা ঘটনার বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছি। তিনি এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন।"
শিক্ষকদের বদলির নিয়মে বেশকিছু পরিবর্তন! পড়ুন
শিক্ষকদের পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিয়মে বদল ও শিথিলতা আনতে নয়া উদ্যোগ শিক্ষা দফতর। এর সঙ্গে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হল। শিক্ষা দফতরর থেকে ক্ষমতা, বন্টন করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে। শিক্ষকদের পারস্পরিক বদলির ক্ষেত্রে নিয়মে বদল ও শিথিলতা আনল শিক্ষা দফতর।
ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হল। এবার সমস্যা সমাধানে দায়িত্ব দেওয়া হল প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদকে। যা আগে ছিল দফতরের হাতে। আবেদন করেও জেলা পরিবর্তন থেকে পার্টনার অনুমোদন পাঠানোর পরও তা গ্রহণ না করলেও, সেক্ষেত্র বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দফতরের। কেউ একটি জেলায় জন্য পারস্পরিক বদলির আবেদন করল। পরবর্তী সময় দেখা যাচ্ছে সেই জেলায় কোনও পার্টনার পাওয়া যাচ্ছে না। পারস্পারিক বদলির জন্য। এই ধরনের সমস্যায় পড়লে শিক্ষক-শিক্ষিকাদের পোর্টাল পুনরায় সচল করবে প্রাথমিক বা মধ্যশিক্ষা পর্ষদের ডি-আইরা। এতদিন পর্যন্ত তা দীর্ঘ সময় ধরে আটকে পড়ে থাকত। কোনও শিক্ষক বা শিক্ষিকা জেলা এবং পারস্পরিক বদলি র জন্য পার্টনার পেয়ে গেল। কিন্তু কোনও এক পার্টনার উৎসশ্রী পোর্টালের মাধ্যমে তা গ্রহণও করল না বা রিজেক্টও করেনি। দীর্ঘদিন ধরে বিষয়টি একই জায়গায় পড়ে রয়েছে। এমন ক্ষেত্রে ডি-আইরা এই ধরনের প্রোফাইল আনলক করে দেবে। যাতে আবেদনকারী কোনও অসুবিধা না হয়। কোনও কারণে জেলা পরিদর্শক এই কাজটি না করলে, পর্ষদের তরফ থেকে পোর্টাল আনলক করার কাজটি করা হবে। দু'জন আবেদনকারী পারস্পরিক বদলির ক্ষেত্রে সমস্ত কিছু সম্পন্ন করে ফেলেছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। কিন্তু অনুমোদন পত্র দিন আটকে রয়েছে দীর্ঘদিন ধরে। এখানে তা দ্রুত সমাধানের কথা বলা হয়েছে। এই সমাধানের কাজ করবে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ। মূলত বহু পুরনো শিক্ষক রয়েছে যারা ২০১৬ সালের শিক্ষকের সঙ্গে পারস্পরিক বদলির আবেদন করেছে। সেক্ষেত্রে সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত শিক্ষা দফতরের। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করলে কনফার্মেশন লেটার বাধ্যতামূলক ছিল না। এ বার সেই লেটার দেওয়া বাধ্যতামূলক করল সরকার। এর পাশাপাশি কোনও আবেদনকারী জেনারেল ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টালে আবেদন করেছে। কিন্তু সেই ট্রান্সফার আটকে রয়েছে। সে ক্ষেত্রে সে চাইলে পরে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তার জেনারেল ট্রান্সফার বাতিল হয়ে যাবে।
ফের ধাক্কা খেল রাজ্য; ভাতা দেওয়া যাবে না; অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি ও ডি -এর যে ভাতা নির্ধারিত হয়েছিল, তার উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের কোনও ভাতা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। পরে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দেয় শীর্ষ আদালত। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সিদ্ধান্ত নেয়, চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, যাঁরা এই টাকা পাবেন তাঁদের থেকে রাজ্য প্রতিদানে কী পাবে? তিনি বলেন, "তাঁরা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন?" আজ, শুক্রবার এই মামলার রায় দিলেন বিচারপতি সিনহা। রাজ্যের নির্দেশিকা খারিজ করলেন বিচারপতি। নির্দেশ দিলেন, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ভাতা দিতে পারবে না রাজ্য।
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ওবিসি কোটা বিতর্ক;নিয়োগে সম্মতি দিল হাই কোর্ট
কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এমন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দর এমন গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। ওই নির্দেশে বলা হয়েছে, ওই নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর ও নগরোন্নয়ন দফতরকে। সাত দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দফতরকে। সেই মোতাবেক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ওবিসি বিতর্কের জেরে আগের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। বুধবার সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেয় কমিশন। বৃহস্পতিবার হাই কোর্ট জানায়, ২০১০ সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। আইন অনুযায়ী তারা ৭ শতাংশ সংরক্ষণ পাবে।
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দেয়। অভিযোগ, ওবিসি শংসাপত্র (সার্টিফিকেট) বাতিলের রায়ের পরেও কলকাতা পুরসভায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়। বুধবার বিচারপতি চন্দ কলকাতা পুরসভার কমিশনার এবং কমিশনের চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দেন। তাঁদের আইনজীবীরা জানান, ওবিসি সার্টিফিকেট নিয়ে ডিভিশন বেঞ্চের রায় বুঝতে সমস্যা হয়েছে। নিয়োগের আগের বিজ্ঞপ্তি তুলে নেওয়া হয়েছে। এর পরেই আদালত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে ছাড়পত্র দেয়।
বঙ্গে দ্রুত নামল পারদ; আজ অতি ভারী বৃষ্টিতে ১৩ জেলা কাঁপবে
বর্ষার শুরু থেকেই মনোরম আবহাওয়া গোটা রাজ্যে। টানা বৃষ্টির জেরে কিছুটা কমল পারদ। গলদঘর্ম দশা থেকে মিলল স্বস্তি। আষাঢর প্রথম সপ্তাহে বৃষ্টির দাপট কমছে না। একটানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। ইতিমধ্যে জারি সতর্কতাও।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড়বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদ হু হু করে নেমেছে। সপ্তাহান্তে আর তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা নেই।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এবং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।






