এবার থেকে রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশকিছু বই। ইতিমধ্যে স্কুলে-স্কুলে পৌঁছল সেই তালিকাও। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর লেখা 'মা' থেকে 'কথাঞ্জলী', সব বই রাখতে হবে সরকারি স্কুলের গ্রন্থাগারে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, ৫১৫টি বই স্কুলকে কিনে রাখতে হবে গ্রন্থাগারে। এই ৫১৫টি বইয়ের মধ্যে ১৯টি বই মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই গ্রন্থাগারের জন্য স্কুলে-স্কুলে গিয়েছে ১ লক্ষ টাকা। তারপর পৌঁছে গেল বইয়ের তালিকাও। বিকাশ ভবন সূত্রে খবর, প্রথমে মমতার লেখা বই পৌঁছবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বইয়ের প্রথম সেট পৌঁছবে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, শিলিগুড়ি, উত্তর দিনাজপুরে। এরপর দ্বিতীয় সেট পৌঁছবে, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ার স্কুলগুলিতে। তৃতীয় সেট পৌঁছবে, হুগলি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে। এরপর চতুর্থ সেট পৌঁছবে, ব্যারাকপুর, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়। সব শেষে বই পৌঁছবে, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে।
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ট্রাম্পের সংঘর্ষবিরতি ঘোষণার মাঝেই ইরানের হামলা!
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান এবং ইজরায়েল। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। যদিও সংঘর্ষে ইতি পড়ার আভাস এসেছে ইরানের পক্ষ থেকেও। যদিও ইজরায়েলের দাবি মঙ্গলবার সকালেও একের পর এক হামলা চালিয়েছে ইরান। হামলায় তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে।
ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের বেয়ার শেভাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করার পর তিনজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবে। ইরানের তৃতীয় ব্যালিস্টিক মিসাইল হামলার মধ্যে ইজরায়েলের কেন্দ্রীয় এবং দক্ষিণের কিছু এলাকায় সাইরেন বাজছে। এই হামলাগুলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ঘটে, যা আজ সকালে কার্যকর হওয়ার কথা ছিল। সংবাদসংস্থা রয়টার্স দাবি করেছিল, আমেরিকার প্রস্তাব পেয়ে ইরানের নেতৃত্বের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল থানি। তাঁর প্রস্তাবেই রাজি হয় তেহরান।
সোমবার, ২৩ জুন, ২০২৫
বিধানসভায় নজিরবিহীন ঘটনা; চার জন বিধায়ক সাসপেন্ড
ফের উত্তাল বিধানসভা। আজ, সোমবার চার জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওঁরাওকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। স্পিকারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পরেই মার্শাল দিয়ে বার করে দেওয়া হয় চার বিধায়ককে। চার বিধায়ক সাসপেন্ড হতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধিবেশন কক্ষেই স্পিকারের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় শুভেন্দুর। অধিবেশন কক্ষে বিজেপির তরফে একমাত্র শুভেন্দুই রয়েছেন ভিতরে। বাকি বিজেপি বিধায়করা গাড়ি বারান্দায় বিক্ষোভ করছেন। স্পিকারের কাছে পৌঁছে যান শুভেন্দু। তিনি জানতে চান, কেন চার বিধায়ককে সাসপেন্ড করা হল? স্পিকার শুভেন্দুকে বলতে থাকেন, তিনি যাতে তাঁর চেয়ারে গিয়ে বসেন। কিন্তু স্পিকারের চেয়ারের পাশেই দাঁড়িয়ে থাকেন তিনি। এদিন বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিক্ষোভ চলাকালীন টেবিল ভেঙে দেওয়া হয়েছে, লাইট ভেঙে ফেলা হয়েছে। স্পিকারের ঠিক ডানদিকে দাঁড়িয়ে থাকেন রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। তাঁদের ঘিরে রেখেছেন মহিলা নিরাপত্তারক্ষীরা। বিধানসভার উত্তাল পরিস্থিতি সামাল দেওয়ার সময়ে কয়েকজন কর্মী আহত হন। তাঁদের কারোর হাত ভেঙে, কারোর হাত কেটে ঝরেছে রক্ত! প্রত্যেকের হাতেই ব্যান্ডেজ করা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা!
রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। এই যৌথ প্রভাবের কারণেই এই বৃষ্টি। বায়ুমণ্ডলের উপরিভাগে বাতাসের অনুকুল পরিস্থিতি রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আজ, সোমবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৮ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত বৃষ্টিপাত রাজ্যে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরেও আজ ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ারে কমলা সতর্কতা।
পাঁচ উইকেট বুমরাহর; স্পর্শ করলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ককে
তিনিই যে ভারতের বোলিং স্তম্ভ, তা আরও একবার প্রমাণ করলেন। হেডিংলিতে একাই কুম্ভ হয়ে বোলিংয়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে দখল করলেন ৫ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষে জশপ্রীত বুমরাহর বোলিং পরিসংখ্যান ২৪.৪ ওভারে ৮৩ রানে ৫ উইকেট। পাঁচ ইংরেজ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে একজোড়া নজিরও গড়ে ফেললেন তিনি। এই নিয়ে ১৪ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১২টিই দেশের বাইরে। যার ফলে তিনি স্পর্শ করলেন পূর্বজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে এক ইনিংসে তিনি পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন ২৩ বার। সুতরাং, বিদেশের মাটিতে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় কপিল এবং বুমরাহ এখন যুগ্মভাবে শীর্ষে।
মার্কিন হামলার ২৪ ঘণ্টা পর মুখ খুললেন খামেনেই!
'শত্রু বড় অপরাধ করে ফেলেছে। এর শাস্তি ওদের পেতেই হবে।' ইরানের মাটিতে মার্কিন হামলার ২৪ ঘণ্টা পর মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। কারও নাম না নিলেও খামেনেই-এর এই বার্তা ইজরায়েলকে উদ্দেশ্য করে বলেই জানা যাচ্ছে। এদিকে ইরানের মাটিতে হামলার পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিনিদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। রবিবার এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করেন খামেনেই। সেখানে কারও নাম না নিলেও ইজরায়েলকে উদ্দেশ্য করে লেখেন, 'জায়ানবাদী (ইহুদি মতাদর্শ) শত্রুরা বড় ভুল করে ফেলেছে। যে অপরাধ ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। ইতিমধ্যেই ওই অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনেও তা জারি থাকবে।' উল্লেখ্য, রবিবার শেষরাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বমারু বিমান বি২। ট্রাম্পের দাবি, এই হামলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই তিন পরমাণু ঘাঁটির। এর প্রায় ২৪ ঘণ্টা পর বিবৃতি এল ইরানের সর্বোচ্চ নেতার। যদিও এই বিবৃতিতে নাম না করে ইহুদিদের নিশানা করলেও একটি বারের জন্যও আমেরিকার নাম উচ্চারন করেননি তিনি। তবে মার্কিন হামলার পর সোশাল মিডিয়ায় হুমকি দিয়েছেন খামেনেই-এর উপদেষ্টা আলি শামখানি। তিনি লেখেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে ঠিকই তবে খেলা এখনও শেষ হয়নি।'
বিধানসভায় অসুস্থ মনোরঞ্জন ব্যাপারী!
আজ, সোমবার বিধানসভায় অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান বিধায়ক। তার পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি। এর পর তাঁর বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরি করেছে। অভিযোগ, জিতেই বলাগড়ের স্থানীয় গোষ্ঠী রাজনীতিতে জড়িয়ে পড়েন মনোরঞ্জন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি ফেসবুকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই পোস্টে মন্তব্যের জবাবে তিনি অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, মনোরঞ্জন এক জন লেখক।






