অবশেষে স্বস্তি পেলেন চিকিৎসক শান্তনু সেন। তাঁর ডাক্তারি করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। দু-বছরের জন্য তাঁর যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল, সেই নির্দেশ এবার বাতিল হয়ে গেল। রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক-তৃণমূল নেতা শান্তনু সেন। আজ, সোমবার ছিল সেই মামলার শুনানি। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের তরফে শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দেওয়া হয় গত সপ্তাহে। কাউন্সিলের বক্তব্য ছিল, শান্তনু এমন একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করছেন যা অবৈধ। ভারতে সেই ডিগ্রির রেজিস্ট্রেশন করানো হয়নি বলেও দাবি করা হয় কাউন্সিলের তরফে। এদিকে, শান্তনুর বক্তব্য ছিল, তিনি রেজিস্ট্রেশনের আবেদন করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাননি।সোমবার কাউন্সিলের সেই নির্দেশ খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি বলেন, 'কী কারণে তাঁর রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে, সেটা জানানো প্রয়োজন ছিল।' এটি একটি 'নন স্পিকিং' 'ক্রিপটিক' অর্ডার বলেও মন্তব্য করেন বিচারপতি। আদালতের নির্দেশ, মেডিক্যাল কাউন্সিল এই বিষয়ে তদন্তের যাবতীয় রিপোর্ট শান্তনু সেনকে পাঠাবেন এবং তাঁর বক্তব্য শুনবেন।
সোমবার, ৭ জুলাই, ২০২৫
কুকীর্তির পর কাকে ফোন করেছিল মনোজিৎ?
মহারাষ্ট্রের সমুদ্র উপকূলের কাছে হঠাৎই ভেসে এল রহস্যজনক এক নৌকা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য কোনও দেশ থেকে এসেছে। তবে কোন দেশ, তা এখনও স্পষ্ট নয়। রবিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার রেভদণ্ড
কসবার আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে পাওয়া খবর, গত ২৫ জুন ছাত্রীকে গণধর্ষণের পর কলেজের নিরাপত্তারক্ষীদের ঘরে বসেই মদ্যপান করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সঙ্গী জইব আহমেদ ও প্রমীত মুখোপাধ্যায়। এর সঙ্গে, মদ্যপানের পর ই এম বাইপাসের একটি ধাবায় গিয়ে খাওয়াদাওয়াও সারে ওই তিন জন। এর পর যে যার বাড়িতে চলে যায় তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, 'ঘটনার পর গার্ড রুমে বসেই মদ্যপান করে তিন জন। এর পর নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে কাউকে কিছু না বলার জন্য শাসিয়ে কলেজ থেকে বেরিয়ে যায় তারা। তদন্তে পুলিশ জানতে পেরেছ, পুলিশের হাত থেকে বাঁচতে ঘটনার পরের দিন ২৬ জুন দক্ষিণ কলকাতায় এক প্রভাবশালী ব্যক্তিকে ফোনে যোগাযোগ করে মনোজিৎ। যদিও পরিস্থিতি আঁচ করে সেই প্রভাবশালী মনোজিতকে সাহায্য করতে রাজি হননি। এর পর নিজের আরও কয়েকজন পরিচিত প্রভাবশালীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালায় মনোজিৎ। ঘটনার পরের দিন সকাল থেকে রাসবিহারী, গড়িয়াহাট, ফার্ন রোড, বালিগঞ্জ স্টেশন রোড চত্বরেও প্রায় সারাদিন ঘোরাঘুরি করে মনোজিৎ। একবার সে কড়েয়া থানার কাছেও যায়। মনোজিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকেই এই তথ্য পেয়েছে পুলিশ। পুলিশের আরও দাবি, ঘটনার কয়েকদিন আগে থেকে মনোজিৎ, জইব এবং প্রমীথের মধ্যে ফোনে ঘনঘন কথা হয়েছে। যা থেকে তদন্তকারীরা এক রকম নিশ্চিত, ছাত্রীর গণধর্ষণের ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত।
মহারাষ্ট্রের উপকূলের কাছে ভেসে এল ভিনদেশি রহস্যজনক নৌকা!
উপকূলের কাছে হঠাৎই দেখতে পাওয়া যায় নৌকাটিকে। উপকূলরক্ষী বাহিনী খতিয়ে দেখে জানায়, রেভদণ্ডের অনতিদূরে থাকা কোরলাই উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দূরে রয়েছে নৌকাটি। রহস্যজনক নৌকার খবর পেয়েই সতর্ক হয় স্থানীয় পুলিশ-প্রশাসন। দ্রুত উপকূল এলাকায় পৌঁছোয় পুলিশ, বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং উপকূলরক্ষী বাহিনীর সদস্যেরা। তবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটির কাছে পৌঁছোনো সম্ভব হয়নি। রবিবার রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল নিজে সমুদ্রে ভাসতে থাকা নৌকাটির কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য কিছুটা গিয়েই ফিরে আসতে হয় তাঁকে। মনে করা হচ্ছে, ওই নৌকাটিতে কেউ নেই। প্রতিকূল আবহাওয়ায় সেটি কোনও ভাবে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে বলে অনুমান করা হচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ-প্রশাসন।
দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি; কেমন থাকবে আবহাওয়া?
আজ, সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার।দফায় দফায় চলছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে।আর তার জেরেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের বিভিন্ন জেলায়। সেই খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে খবর। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। সেটির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আগামীতে খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে খবর।
রবিবার, ৬ জুলাই, ২০২৫
শুধু দমদমই নয়, দুর্গাপুরেও হবে মোদীর সভা?
চলতি মাসেই ফের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন তৃণমূলের শহিদ দিবস নিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে থাকবে, সেই সময়ই নাকি বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ই জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন তিনি। সেই সভার প্রস্তুতিতে যাতে কোনও খুঁত না থাকে, সেই কথা মাথায় রেখেই আগাম সাত সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গ বিজেপ। একদিকে ওই সময়ই রয়েছে ২১শে জুলাইয়ের সভা আর তার আগেই বঙ্গের রাজনৈতিক পারদ কয়েক ধাপ চড়িয়ে দিতেই আসছেন প্রধানমন্ত্রী, দাবি ওয়াকিবহাল মহলের। অবশ্য, প্রথম দিকে একটি সভার কথা শোনা গেলেও পরে জানা যায়, সম্ভবত জোড়া সভা করতে চলেছেন তিনি। একটা হবে দমদমে। অন্যটা দুর্গাপুরে। মে মাসের পর এটি মোদীর দ্বিতীয় সভা হলেও, এখনও পর্যন্ত এই বছর বাংলায় কোনও জোড়া সভা করেননি তিনি। করেছিলেন গতবছরে। দমদমের পাশাপাশি দুর্গাপুরের সভাতেও সিলমোহর পড়লে, একুশে জুলাইয়ে তৃণমূলের শহিদ সভার আগে এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে বিজেপির ক্ষেত্রে।
'ছিলেন, আছেন, থাকবেন'; বিজেপিতে দিলীপের গুরুত্ব বোঝালেন শমীক
বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতেই একাধিক নয়া সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা, গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এমন সময় শমীক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর ব্যতিক্রমী ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন, সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে। উগ্র হিন্দুত্বের লাইন থেকেও সরে আসছে বিজেপি। বরং 'সবকা সাথ' বার্তা দিয়েছিলেন শমীক। এই গুঞ্জনও শোনা গিয়েছিল, শমীকের হাতে দায়িত্ব যাওয়ার ফলে এবার সক্রিয় হয়ে উঠতে পারে দিলীপ ঘোষ গোষ্ঠী। এনিয়ে এবার মুখ খুললেন শমীক ভট্টাচার্য। তিনি বললেন, "দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে।" ইতিমধ্যে ৬, মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ের ভোলবদল করে ফেলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কার্যালয় থেকে সমস্ত নেতার ছবি সরিয়ে বড় করে লাগানো হয়েছে দলের প্রতীক পদ্মের ছবি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। কারণ, তিনি মনে করেন যে ব্যক্তির চেয়ে দল বড়।
শনিবার, ৫ জুলাই, ২০২৫
দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি গিলের; রানের পাহাড়ে ভারত
রানের স্ফুলিঙ্গ শুভমান গিলের ব্যাটে। একাধিক রেকর্ড গড়ে ফের দুরন্ত শতরান শুভমান গিলে। ১২৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এই শতরানের পর অনন্য নজির স্পর্শ করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে ৫০০ রান করে বিরাট কোহলির সঙ্গে এক কাতারে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ব্যক্তিগত ৭৬ রান করে গিল এই মাইলফলক স্পর্শ করেন। তিনি সাজঘরে ফিরলেন ১৬১ রানে। এর পর অবশ্য ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করল। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৬০৮। গিলের সেঞ্চুরির পর বিশাল লিড পেয়েছে টিম ইণ্ডিয়া। চা পানের বিরতিতে ভারত এগিয়ে ৪৮৪ রানে। গিল ১০০ এবং জাডেজা ২৫ রানে অপরাজিত রয়েছেন। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে কোহলি করেছিলেন ৫৯৩ রান। এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান। প্রথম ইনিংসে গিল ২৬৯ রান করেছিলেন। আর এদিন ফের সেঞ্চুরি করে এলিট ক্লাসে বসে পড়লেন তিনি।
তবে, চতুর্থ দিনের শুরুটা কিন্তু তেমন একটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। সাত তাড়াতাড়ি ব্যাট হাতে নামতে হয় তাঁকে। কারণ মাত্র ২৬ রানে সাজঘরে ফেরেন করুণ নায়ার। অন্যদিকে, হাফসেঞ্চুরি করলেও বড় ইনিংস গড়ার আগেই আউট হয়ে যান কেএল রাহুল (৫৫)। এরপর ঋষভ পন্থ (৬৫)-কে নিয়ে ১১০ রানের পার্টনারশিপ গড়েন গিল। তবে পন্থ আউট হলেও টলানো যায়নি গিলকে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত খেলেন রবীন্দ্র জাদেজা (৬৯*)।

.jpg)




